জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

এশিয়া পোস্ট নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
আইরিন খান। ছবি: সংগৃহীত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো)।

বুধবার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

নিয়োগ কার্যকর হলে বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন আইরিন খান।

আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে এ পদ চালুর পর তিনিই প্রথম নারী, যিনি এই দায়িত্বে নিয়োগ পান। বর্তমানে তিনি সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে অধ্যাপনা করছেন।

এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম নারী মহাসচিব। তার নেতৃত্বে অ্যামনেস্টি রাজনৈতিক ও নাগরিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিয়ে কার্যক্রম সম্প্রসারণ করে। এছাড়া নারীর প্রতি সহিংসতা বন্ধে সংস্থাটির প্রথম বৈশ্বিক প্রচারণাও তার উদ্যোগেই শুরু হয়।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি।