নৌ পুলিশের অভিযানে বিপুল অবৈধ জাল জব্দ, গ্রেপ্তার ১২৯

সপ্তাহব্যাপী নৌ পুলিশের অভিযানে ১২৯ জনকে গ্রেপ্তার ও বিপুল নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নৌ পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (ট্রেনিং,ক্যারিয়ার প্লানিং এন্ড মিডিয়া) মাসুমা আক্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ ১২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌ পুলিশের বিভিন্ন অভিযানে প্রায় ১ কোটি ৭০ লাখ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৩০২ কেজি মাছ, ৩ লাখ ৫ হাজার পিস চিংড়ি রেণু, ১ লাখ ১০ হাজার পিস রেণু পোনা, ৭১০ কেজি জেলীযুক্ত চিংড়ি, ২৪৬ কেজি রং মিশ্রিত শিং মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ১৪৬টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
এসপি মাসুমা আক্তার জানান, নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ১টি ড্রেজার জব্দ
করা হয়েছে।
এছাড়াও ৩৭টি মৎস্য আইন, ৮টি বেপরোয়া গতি আইন, ৫টি বালুমহাল, ২টি মাদক, ৫টি অপমৃত্যু, ১টি ডাকাতি, ১টি অপহরণ এবং ১টি হত্যা মামলাসহ মোট ৬০টি মামলা করা হয়েছে। ৯টি লাশও উদ্ধার করা হয়।
জব্দ অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছে নৌ পুলিশ।
