বিমানবন্দরে আনসারের সততায় হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত আনসার সদস্যদের সততা ও পেশাদারিত্বে পাসপোর্ট, ডলার, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ হারিয়ে যাওয়া হাতব্যাগ ফিরে পেয়েছেন আব্দুল হাকিম সরকার নামের এক বিদেশগামী যাত্রী।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র ও গণসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে বিমানবন্দরের হেভি লাগেজ এক্সিট গেইট এলাকায় অসাবধানতাবশত নিজের হাতব্যাগটি ফেলে চলে যান জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম সরকার। ব্যাগটিতে তার পাসপোর্ট, মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা (ডলার) ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ঐ এলাকায় দায়িত্বরত আনসার সদস্য মো. রইস উদ্দিন ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। নিরাপত্তার স্বার্থে সেটি নিজের হেফাজতে নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. জামিরুল ইসলামকে জানান।
পরবর্তীতে বিমানবন্দরের ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমের (FIDS) মাধ্যমে হারানো ব্যাগের মালিককে খুঁজে বের করতে মাইকিং করা হয়। ঘোষণা শুনে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট যাত্রী সেখানে উপস্থিত হয়ে ব্যাগটির মালিকানা দাবি করেন।
উপ-পরিচালক আশিকউজ্জামান জানান, মোবাইল ফোন ও পাসপোর্টের তথ্যের সাথে মিলিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ব্যাগে থাকা সব মালামাল অক্ষত অবস্থায় প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া মূল্যবান মালামাল ও কাগজপত্র অক্ষত অবস্থায় ফেরত পেয়ে আনসার সদস্যদের সততা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের প্রশংসা করেন আব্দুল হাকিম সরকার এবং বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।





