আওয়ামী লীগ নিষিদ্ধের বৈধতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘কার্যক্রম নিষিদ্ধ’র প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের মো. আল-আমিন নামের একজন রিটটি করেন। তার পক্ষের আইনজীবীর নাম ইউনূস আলী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সূত্রে এ তথ্য জানা গেছে।
আবেদনে ২০২৫ সালের ১২ মে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। এ ছাড়া প্রজ্ঞাপনটির কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।
হাইকোর্ট সূত্রমতে, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
এর আগে গত বছরের ১২ মে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।


