logo

ছাত্রীদের টার্গেট করে টেলিগ্রামে ব্ল্যাকমেল, মূল হোতাসহ গ্রেপ্তার ৫

ছাত্রীদের টার্গেট করে টেলিগ্রামে ব্ল্যাকমেল, মূল হোতাসহ গ্রেপ্তার ৫

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের ব্যক্তিগত ছবি-ভিডিও হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেলের মাধ্যমে অর্থ আদায়কারী সাইবার অপরাধী চক্রের সন্ধান পেয়েছে র‍্যাব। টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে সক্রিয় এই চক্রটির মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানায়, চক্রটি মূলত বিভিন্ন উপায়ে ছাত্রীদের গোপন তথ্য ও ছবি সংগ্রহ করত। তারা ফেসবুক বা ব্যক্তিগত ফোন হ্যাক করে ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি করতো। আবার ব্রেকআপের পর আগের প্রেমিকদের কাছ থেকে ছবি সংগ্রহ করা কিংবা ব্যক্তিগত প্রতিহিংসার জেরে অন্যের গোপন তথ্য হাতিয়ে নিত। এ ছাড়া টেলিগ্রামে একাধিক গোপন গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে এসব ছবি অর্থের বিনিময়ে বিক্রি করা বা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে টেলিগ্রামকে কেন্দ্র করে সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল ভোলা জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে এই চক্রটিকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত স্মার্টফোন এবং ব্ল্যাকমেইলের অসংখ্য তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার এবং অচেনা লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে শিক্ষার্থীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়।