logo

লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আনসার

লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আনসার
ছবি: সংগৃহীত

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঝালকাঠিগামী একটি লঞ্চে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন আনসার সদস্যরা। তাদের মানবিক ও দায়িত্বশীল তৎপরতায় উদ্বিগ্ন বাবার মুখে ফিরে আসে স্বস্তির হাসি।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান জানান, শনিবার (৩০ মে) সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঝালকাঠিগামী এমভি ফারহান-৪ লঞ্চে দায়িত্ব পালন করছিলেন অঙ্গীভূত আনসার সদস্য মাসুদ রানা ও ইউসুফ আলী। দায়িত্ব পালনের সময় তারা লঞ্চের নিচতলায় একটি শিশুকে একা ও ভীতসন্ত্রস্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। শিশুটির সঙ্গে কোনো অভিভাবক না থাকায় বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করে।

পরে আনসার সদস্যরা শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন, তার নাম রমজান আলী (৭)। শিশুটি জানায়, বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ভুলবশত সে এমভি ফারহান-৪ লঞ্চে উঠে পড়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে আনসার সদস্যরা শিশুটিকে নিরাপদে নিজেদের তত্ত্বাবধানে রাখেন এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেন। শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাবা রাকিব রাবীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়।

শিশুটির বাবা জানান, তিনি সদরঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে সন্তানকে পাশে না পেয়ে উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্তানের সন্ধান পাওয়ার খবর পেয়ে তিনি দ্রুত মুন্সিগঞ্জ নৌঘাট থেকে ট্রলারে করে এমভি ফারহান-৪ লঞ্চে পৌঁছান।

পরবর্তীতে লঞ্চ কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে রাত সাড়ে ৭টার দিকে অঙ্গীভূত আনসার সদস্যরা শিশু রমজান আলীকে তার বাবার কাছে সুস্থ ও নিরাপদ অবস্থায় হস্তান্তর করেন।

ঘটনাটি উপস্থিত যাত্রীদের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। দায়িত্বশীলতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার।