সাগরে নিম্নচাপ, যেসব নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় তীব্র বাতাস ও দিনভর ভারী বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-ঢাকা রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরের পর থেকে ঢাকা রুটের লঞ্চ চলাচল স্থগিত করা হয়। এর আগে সকাল থেকেই ভোলা-লক্ষ্মীপুর রুটের লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
লঞ্চ মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি উন্নত হলে রাতের দিকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে ভোলা-লক্ষ্মীপুর রুটে আপাতত লঞ্চ ছাড়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে আকস্মিক লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় এই দুই রুটের নিয়মিত যাত্রীরা ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি যদি আরও অবনতি হয়, তবে নিরাপত্তার স্বার্থে জেলার সব রুটের নৌযান চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে। নিম্নচাপের প্রভাবে দেশের আকাশে হালকা মেঘ থাকলেও লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দেশের স্থলভাগে প্রবেশ করছে। ফলে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি রয়েছে।





