আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ: মোয়াজ্জেম হোসেন আলাল

এশিয়া পোস্ট ডেস্ক
আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ: মোয়াজ্জেম হোসেন আলাল
প্রেসক্লাবে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: সংগৃহীত

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বর্তমানে মাদকের ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

Advertisement

শনিবার (২৭ জুন) আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এশিয়ার তিনটি প্রধান মাদক উৎপাদন ও চোরাচালান অঞ্চল— গোল্ডেন ট্রায়াঙ্গল (মিয়ানমার, লাওস ও থাইল্যান্ড), গোল্ডেন ক্রিসেন্ট (ইরান, আফগানিস্তান ও পাকিস্তান) এবং গোল্ডেন ওয়েজের মাঝামাঝি অবস্থানে থাকায় আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী চক্র বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সমাবেশে বক্তারা মাদক চোরাচালান রোধে সীমান্ত নজরদারি জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে দেশব্যাপী কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

‘অ্যান্টি ড্রাগ সোসাইটি’ আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির নেতারা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সচেতন নাগরিক অংশ নেন।

সংগঠনের সভাপতি মো. আল হাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ডেইলি নিউ নেশনের উপদেষ্টা সম্পাদক ও কলামিস্ট সৈয়দ তোশাররফ আলী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শিক্ষক নেতা অধ্যাপক শফিকুল ইসলাম এবং জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান প্রিন্সিপাল এ এস এম মোস্তফা কামাল।

এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সোসাইটির কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স, কাজী আবির আসলাম, আয়াতুল্লাহ আকতার, মতিউর রহমান প্রমুখ।