শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

শাহবাগের ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপি বেগমকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদীর রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের উপস্থিতিতে উদ্বোধনের সময় আরও ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা।
এর আগে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সালে ছাত্রদলের সমাবেশে অসহায় গোলাপির দুর্দশা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।
মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন। এরপর গোলাপির চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রায় আট মাস চিকিৎসাসহ ঢাকায় একটি বাসায় বসবাসের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে গোলাপির স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।