Advertisement

কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

এশিয়া পোস্ট নিউজ
কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
মো. সাজ্জাদুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে আবারও রদবদল করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার।

বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান (বিপি-৬৯৯৮০০৭৯০৫), যিনি বর্তমানে ডিআইজি হিসেবে এপিবিএনে দায়িত্ব পালন করছেন। তাকে পুলিশ কমিশনার (ডিআইজি) পদে খুলনা মেট্রোপলিটন পুলিশে বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন কর্মস্থলে তিনি কেএমপির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে এটি গেজেট আকারে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।