logo

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: পল কাপুর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: পল কাপুর

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 

বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও ভালো হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকরা তাকে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করেন, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি আকসা (অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) এবং সামরিক তথ্য বিনিময় সংক্রান্ত জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) নিয়ে আলোচনা হয়েছে কি না। তবে পল কাপুর এসব প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর না দিয়ে কেবল বৈঠক ভালো হয়েছে বলেই মন্ত্রণালয় ত্যাগ করেন।

সূত্র জানায়, সকাল পৌনে ৯টায় মন্ত্রণালয়ে পৌঁছার পর প্রথমে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেন।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, বৈঠকে দুই দেশের রাজনৈতিক সমঝোতা, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি প্রাধান্য পেয়েছে।

দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছানো পল কাপুরের আজকের দিনটি অত্যন্ত ব্যস্ত কাটবে। তার সূচি অনুযায়ী আজ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে তিনি বৈঠক করবেন।

সন্ধ্যায় তিনি অংশ নেবেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত নৈশভোজে এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ে।

সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেলে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন। একই দিনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।

পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।