হাসপাতালে চাঁদাবাজি করা কেউ যুবদলের না: সভাপতি

যুবদলের সাবেক নেতা পরিচয়ে মো. মঈন উদ্দিন মঈনের নেতৃত্বে ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠে। কিন্তু এই চাঁদাবাজির সঙ্গে যুবদলের কেউ জড়িত নয় বলে জানিয়েছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না।
শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে সিকেডি হাসপাতালে গিয়ে এ কথা জানান।
যুবদল সাধারণ সম্পাদক বলেন, চাঁদাবাজিতে যুবদলের কথা বলা হয়েছে, কিন্তু যুবদলে এই নামে কেউ নেই। তারা সংগঠনের নাম ব্যবহার করছে। এ রকম অনেক অভিযোগ আমরা ৫ আগস্টের পর থেকে পেয়ে আসছি। যে সংগঠনের কেউই না, তাকে কিন্তু আমরা কিছু করার সুযোগ পাই না। তাদেরকে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা ছাড়া অন্য কোনো উপায়ে আমরা সাহায্য করতে পারি না।
যুবদল সভাপতি বলেন, সমাজে একশ্রেণির দুষ্ট লোক আছে, তারা সুযোগ সন্ধানী। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খোলস পাল্টায়। এত রাতে এই খবরটা পাওয়া মাত্রই আমি এবং যুবদলের সাধারণ সম্পাদক দুজনেই চলে এসেছি। উনি একজন মানবিক ডাক্তার। মানবিক কারণে এবং আমাদের দায়িত্বের জায়গা থেকে ওনাকে আমরা এটা বলেছি যে, আমাদের দলীয় কোনো যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, দায়িত্ব আমরা নিলাম। যুবদলের পক্ষ থেকে এখানে কোনো ধরনের কোনো সমস্যা কেউ তৈরি করবে না ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো যে, এক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।