পে-স্কেল বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার : জ্বালানি উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। পে-কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পরবর্তী নির্বাচিত সরকার এই পে-স্কেল বাস্তবায়ন করবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না। নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল করতে পারবে।
উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গত ২১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনপ্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের কমিশন এ প্রতিবেদন উপস্থাপন করে।
ওই প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন স্কেল নির্ধারণের সুপারিশ করা হয়। এতে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।