প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে নিয়োগ পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর তার মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। সরকার পরিচালনার পর থেকে বিভিন্ন বিভাগে বদলি ও নিয়োগপ্রক্রিয়া শুরু করে সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যদের ক্রমান্বয়ে নিয়োগ দেওয়া হয়।
সালেহ শিবলী
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে প্রথমে নিয়োগ পেয়েছেন সালেহ শিবলী। গত ১৮ ফেব্রুয়ারি সচিব পদমর্যাদায় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন শিবলী। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পদেও ছিলেন।
তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও সালেহ শিবলী তার প্রেস সচিব ছিলেন। এর আগে চার-দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবলী।
আতিকুর রহমান রুমন
একই দিন ১৮ ফেব্রুয়ারি আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় আতিকুর রহমান রুমনকে। তাকে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালে কর্মরত ছিলেন। দিনকালের সম্পাদক ও প্রকাশক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পত্রিকাটির দায়িত্ব পান রুমন। নিয়োগ পাওয়ায় তাকে এই দায়িত্ব ছাড়তে হয়।
হাসান শিপলু
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান। তিনি হাসান শিপলু নামে সাংবাদিক মহলে বেশ পরিচিত।
সোমবার (২ মার্চ) গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হাসান শিপলু বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি কালের কণ্ঠ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে।
জাহিদুল ইসলাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘উপ-প্রেস সচিব’ (ডেপুটি প্রেস সেক্রেটারি) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল ইসলাম রনি। সোমবার (২ মার্চ) গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের অধিকারী জাহিদুল ইসলাম রনি দুই দশক ধরে গণমাধ্যমের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বার্তা সংস্থা ইউএনবি (ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ), দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার (৮৮.৪ এফএম), দৈনিক সংবাদ প্রতিদিন এবং অনলাইন পোর্টাল ‘বিডিপ্রেস ডটনেট’-এ রিপোর্টিং ও বার্তা বিভাগে কাজ করেছেন।
সুজন মাহমুদ
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) তাকে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বগুড়ার সন্তান সুজন মাহমুদ দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ডিজিটাল অনলাইনের চিফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি হয়। পরে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। শিক্ষাজীবনে রাজনীতিতে যুক্ত থাকায় স্যার এএফ রহমান হলের এই আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন পালিয়ে থাকতে হয়েছে। এক-এগারোর সরকার নামে পরিচিত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমল ও সবশেষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার
সোমবার একই দিনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। তিনি গ্রেড-১ পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।