logo

কেউ ব্যথিত হলে দুঃখিত, ভবিষ্যতে সতর্ক থাকব : সড়ক প্রতিমন্ত্রী

কেউ ব্যথিত হলে দুঃখিত, ভবিষ্যতে সতর্ক থাকব : সড়ক প্রতিমন্ত্রী

ছবি তোলাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যক্তি ও দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ‘আমার আচরণে যদি কেউ ব্যথিত হয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।’

শুক্রবার (২০ মার্চ) ফেসবুকে নিজের আইডি দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাবিবুর রশিদ বলেন, ‘সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি শুরুতেই সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রিয় দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে জনৈক ব্যক্তির সঙ্গে আমার ছবি তোলাকে কেন্দ্র করে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। আমি আপনাদেরই মানুষ; তাই দায়বদ্ধতার জায়গা থেকে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঘটনাটি ঘটেছিল ফুলবাড়ীয়া বাস ডিপোতে। সেখানে মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছিল। বিশেষ করে সাধারণ মানুষের ঈদযাত্রা কীভাবে আরও নির্বিঘ্ন ও নিরাপদ করা যায়, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। অনুষ্ঠান চলাকালে উপস্থিত অনেকেই আমাদের সঙ্গে ছবি তুলছিলেন। বারবার নিষেধ করা সত্ত্বেও অনেকেই ছবি তোলা অব্যাহত রাখেন।’

‘পরবর্তীতে অনুষ্ঠান শেষে ফেরার সময় উপস্থিত কিছু ব্যক্তি নিরাপত্তা বলয় অতিক্রম করে খুব কাছে চলে আসেন। উদ্ভূত পরিস্থিতিতে অত্যন্ত নিকটবর্তী হওয়া ওই ব্যক্তিকে হাত দিয়ে সরানোর সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’

পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি পুনরায় সংশ্লিষ্ট ব্যক্তি এবং দেশবাসীর কাছে এই অনিচ্ছাকৃত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। কাউকে অসম্মান করা বা মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না এবং কখনোই থাকবে না। আমার আচরণে যদি কেউ ব্যথিত হয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে আরও ধৈর্যশীল ও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’