logo

ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

বাসস
ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী ফেনী সফর শেষে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ঢাকায় ফিরেছেন। সফরকালে তিনি ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী ফেনী সফর শেষে রাত ১১টা ১৫ মিনিটে গুলশানে তার বাসভবনে পৌঁছেছেন।

সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়) উদ্বোধন করেন এবং খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন।

পরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের সম্মানী প্রদান করেন। এরপর তিনি সেখানে এক জনসভায় ভাষণ দেন।

প্রধানমন্ত্রী দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ফেনীতে পৌঁছান এবং সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।