logo

সংসদীয় কমিটির সভাপতি/স্থানীয় ভোটের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত নয়’

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
স্থানীয় ভোটের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত নয়’
জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংসদ সৌজন্যে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিতে এখনও কিছু ঘাটতি রয়েছে।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব তথ্য জানান।

কমিটির সভাপতি স্থানীয় সরকার নির্বাচনকে তুলনামূলক জটিল ও ঝুঁকিপূর্ণ হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ এবং প্রভাব বিস্তারের চেষ্টা অনেক বেশি থাকে। এতে ৯টি সাধারণ ওয়ার্ড, তিনটি সংরক্ষিত নারী আসন এবং চেয়ারম্যান পদের প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ভোটকেন্দ্রে উত্তেজনা বাড়ে।

তিনি আরও বলেন, ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতার প্রয়োজন হয়। তবে সরকারি ও বিরোধী উভয়পক্ষের সদস্যরাই দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া বৈঠকের অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া ‘অপ্রয়োজনীয়’ প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করা হয়। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে জনস্বার্থমুখী নতুন উদ্যোগ বাস্তবায়নের ওপর জোর দিয়েছে স্থায়ী কমিটি।