দেশে এসেছে ৩ লাখেরও বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসীদের পাঠানো ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে এসেছে। এসব ব্যালট এসেছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছ থেকে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোট দেওয়া শেষ করেছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন।
এ ছাড়া ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। প্রবাসীদের পাঠানো ব্যালটের মধ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ১৭৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
বিদেশের ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত আইসিপিভি ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সারা দেশের ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৪ হাজার ১৬৫ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন।