logo
Advertisement

স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সময় বেঁধে দিলেন ইসি সানাউল্লাহ

স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সময় বেঁধে দিলেন ইসি সানাউল্লাহ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: চ্যানেল২৪

আগামী বছর ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘পরীক্ষাসহ বিভিন্ন বিষয় মাথায় আগামী বছরের জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা বলেন।

সভার বিভিন্ন বিষয় তুলে ধরে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগামী বছর ৬ জুন এইচএসসি পরীক্ষার আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন । এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় শিক্ষাসহ বেশকিছু বিষয়ের কথা এসেছে। বিশেষ করে বন্যার কারণে শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা এখনো সেটি কাটিয়ে উঠার চেষ্টা করছে। আর নির্বাচনি কাজে প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ের জন্য একজন শিক্ষককে আমাদের অন্তত এক সপ্তাহের জন্য প্রয়োজন। এসব বিষয় মাথায় রেখে জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

তিনি বলেন, ‘আজকের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে দুটি অ্যাজেন্ডা ছিল। একটি জাতীয় সংসদের একটি বাই-ইলেকশন (উপনির্বাচন), অপরটি স্থানীয় সরকার নির্বাচন। বৈঠকে নির্বাচন ঘিরে কমিশনের ঘোষিত খসড়া নিয়ে মতামত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচনে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও সেসব প্রযুক্তি ব্যবহার করা হবে।’