প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিতের ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিতের ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর
আইইউবির মাল্টিপারপাস হলে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: এশিয়া পোস্ট

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করাবেন না। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজিমাধ্যম সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই এই নীতি প্রযোজ্য হবে।’

Advertisement

সোমবার (২২ জুন) রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মাল্টিপারপাস হলে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইইউবি এবং বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক যৌথভাবে ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম এবং শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ। শিক্ষাব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে শিশুকে। এমন শিক্ষা নিশ্চিত করতে হবে যাতে শেখাটা তাদের কাছে বোঝা না হয়ে আনন্দের বিষয় হয়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘আগামী এক বছরের মধ্যে কারিকুলাম পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে। শিক্ষকের জীবনমান উন্নয়ন ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। একজন শিক্ষক যদি আর্থিক, সামাজিক ও পেশাগতভাবে সম্মানজনক জীবনযাপন করতে না পারেন, তাহলে শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই সম্ভব হবে না।’

এ সময় তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অযাচিত প্রভাবমুক্ত রেখে পেশাগতভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে এক শিফটে (ওয়ান-শিফট) রূপান্তরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই শিফটের কারণে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় ও মনোযোগ পাচ্ছে না। তাই পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটের স্কুলে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আইইউবির উপাচার্য অধ্যাপক এম তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।