মালয়েশিয়া পাচারের সময় বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ায় পাচারকালে ১২০ কেজি ওষুধ আটক করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকে মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ (সোমবার) মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১০৩ যোগে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী এক যাত্রী বিমানবন্দরের ৫নং হেভি লাগেজ গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশি করা হয়।
পরবর্তীতে এভসেক সদস্যরা ওই যাত্রীর বহনকৃত মোট চারটি লাগেজে তল্লাশি চালিয়ে ১২০ কেজি ওষুধ উদ্ধার করে ও তাকে আটক করে।
পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক করা ওষুধগুলো ডিএম (ডেস্ট্রয়েড মার্চেন্ডাইজ) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলেও জানান মাহমুদুল হাসান।