হাজিদের সেবায় ত্রুটি হলে ক্ষমা নেই

হজযাত্রীদের খেদমত বাদ দিয়ে অন্যান্য কাজ করা যাবে না বলে কর্মকর্তাদের সতর্ক করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, হাজিদের সেবায় যারা ত্রুটি করবে, তাদের ক্ষমা নেই।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলনকক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ার থাকতে হবে। সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
হজযাত্রীদের খেদমতের সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয় জানিয়ে হজ টিমের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে যাচ্ছেন। তাদেরকে ভালোভাবে সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
কর্মকর্তাদের প্রকৃত খাদেম হিসেবে নিযুক্ত হওয়ার অনুরোধ জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, আল্লাহর মেহমানদের খেদমতে কোনো গাফিলতি সহ্য করা হবে না।
যারা ভালো কাজ করবেন এবং হাজিরা যাদের ওপর সন্তুষ্ট থাকবেন, তাদের পরবর্তী বছরে আবার হজযাত্রীদের খেদমতের সুযোগ দেওয়া হবে, বলেন কায়কোবাদ।
যারা হাজিদের যথাযথ সেবা দেবেন না, তাদের মক্কা থেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।
এর আগে পাওয়ার পয়েন্টে বিভিন্ন টিমের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক।