এশিয়া পোস্ট দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে সংবাদ পরিবেশন করবে: মঈন খান

এশিয়া পোস্ট দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে সংবাদ পরিবেশন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
সোমবার (১১ মে) এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন প্রত্যাশার কথা জানান তিনি।
মঈন খান বলেন, এশিয়া পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধনে আসতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি সাংবাদিকতা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এশিয়া পোস্ট সাংবাদিকতাকে সেই উচ্চতায় নিয়ে যাবে।
নরসিংদী-২ আসনের এই এমপি বলেন, সাংবাদিকতার মূল যে বিষয় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে এশিয়া পোস্ট সংবাদ পরিবেশন করবে। এভাবে প্রতিষ্ঠানটি গণতন্ত্রের সেবা করে যাবে, আমি এই প্রত্যাশা রাখছি।
এর আগে, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতাকে আরও বেগবান করার প্রত্যয়ে সোমবার আনুষ্ঠানিক যাত্রা করে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।