বিটিসিএল কার্যালয়ে যুবকের মৃত্যুর ঘটনায় আনসার সদস্য জড়িত থাকার খবর ‘ভিত্তিহীন’ দাবি

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যুর ঘটনায় আনসার সদস্যদের মারধর বা নির্যাতনের অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও প্রকৃত ঘটনার সঙ্গে অসংগতিপূর্ণ বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাহিনীর মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সকালে তেজগাঁও টি অ্যান্ড টি তার ভাণ্ডার এলাকায় কয়েকজন যুবক অনুপ্রবেশ করেন। এ সময় দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্য শাহজামাল একজনকে চুরি করতে দেখে ধাওয়া করেন। একপর্যায়ে দৌড়ানোর সময় ওই যুবক পুরোনো টিনের চাল ভেঙে নিচে পড়ে যান। পরে বিটিসিএলের স্টাফ মো. শওকত হোসেন ওই যুবককে আটক করেন।
বিটিসিএলের টেলিফোনিক নির্দেশে নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা তাকে আটক করতে সহযোগিতা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আনসার বাহিনীর ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের মধ্যে পিসি নুরুল ইসলাম আটক যুবককে বিটিসিএলের পি.ও. সুলতান মাহমুদ ও ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এরপর আনসার সদস্যরা ঘটনাস্থল থেকে সরে গিয়ে নিজ নিজ দায়িত্বস্থলে ফিরে যান।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আটক যুবককে আনসার সদস্যরা ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর বা নির্যাতন করেছেন, এমন তথ্যের কোনো ভিত্তি নেই। একইভাবে আহত অবস্থায় আনসার সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেছেন, এমন প্রচারিত তথ্যও সঠিক নয় বলে দাবি করেছে বাহিনীটি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, নিরাপত্তা ভঙ্গকারী কোনো ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করাই দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের কর্তব্য। এ ঘটনায়ও তারা আটক ব্যক্তিকে বিটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে দায়িত্ব পালন করেছেন।
বাহিনীটি আরও জানায়, কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড, নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘনকে তারা প্রশ্রয় দেয় না। যাচাই-বাছাই ছাড়া বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রচার করা হলে এতে বাহিনীর ভাবমূর্তি ও জনআস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও তথ্য যথাযথভাবে যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

