রুমিনের বক্তব্যের সময় সরকারি দলের সদস্যদের অঙ্গভঙ্গি বিবেকে আঘাত লেগেছে

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলাকালীন সরকারি দলের (ট্রেজারি বেঞ্চ) কয়েকজন সদস্যের ‘অশোভন অঙ্গভঙ্গি’ ও আচরণের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশনে রুমিন ফারহানার বক্তব্যের সময় এ ঘটনা ঘটে।
বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করে তিনি বলেন, এ ধরনের আচরণ সংসদীয় শিষ্টাচারের পরিপন্থি এবং যা আমার বিবেকে আঘাত হেনেছে।
সংসদ অধিবেশনে দেওয়া এক বক্তব্যে শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। এখানে যারা জনগণের বিপুল ভোট ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে এসেছেন, তাদের প্রত্যেকের প্রতিই শ্রদ্ধা থাকা বাঞ্ছনীয়। কোনো সদস্য যখন কথা বলেন, তাকে সময় দেওয়া বা নিয়ন্ত্রণ করার একক এখতিয়ার কেবল স্পিকারের।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন স্বতন্ত্র সদস্য বক্তব্য দেওয়ার সময় ট্রেজারি বেঞ্চের কয়েকজন সম্মানিত সদস্য যেভাবে অঙ্গভঙ্গি করেছেন, তা অনাকাঙ্ক্ষিত। সবচেয়ে বড় বিস্ময় ও দুঃখের বিষয় হলো—যারা চার-পাঁচবার নির্বাচিত হয়ে এই সংসদে এসেছেন, এমন প্রবীণ সদস্যদের কাউকেও এই ধরনের কাজে লিপ্ত হতে দেখা গেছে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সংসদ সদস্যদের সংযত আচরণ এবং সংসদের মর্যাদা বজায় রাখার আহ্বান জানান। বিষয়টি নিয়ে সংসদে উপস্থিত অন্যান্য সদস্যদের মধ্যেও বেশ গুঞ্জন তৈরি হয়।