‘দুটি বিস্কুট ও এক কাপ চায়ে ক্যাবিনেট মিটিং সারতেন প্রেসিডেন্ট জিয়া’

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘দুটি বিস্কুট ও এক কাপ চায়ে ক্যাবিনেট মিটিং সারতেন প্রেসিডেন্ট জিয়া’
বদিউর রহমান। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন এবং মাত্র দুটি বিস্কুট ও এক কাপ চা দিয়ে ক্যাবিনেট মিটিং সারতেন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রশ্নে প্রেসিডেন্ট জিয়া কোনো আপস করতেন না।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করে তিনি এসব কথা বলেন।

বদিউর রহমান বলেন, প্রেসিডেন্ট জিয়া সকাল সাড়ে সাতটার এক মিনিট আগেই বৈঠকে পৌঁছে যেতেন। কোনো মন্ত্রী ১০ মিনিট দেরি করলে পুরো দলের বিলম্বের চিত্র তুলে ধরে কঠোর সমালোচনা করতেন। তার আমলে প্রশাসনের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত ছিল বলেও তিনি বলেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়ার দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে ছোটখাটো বিষয়ও তার নজর এড়াত না। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সাদামাটা ছিলেন এবং মাত্র দুটি বিস্কুট ও এক কাপ চা দিয়ে ক্যাবিনেট মিটিং শেষ করতেন। তার এই কঠোর পরিশ্রম ও সরলতা প্রশাসনের কর্মকর্তাদের অনুপ্রাণিত করত বলেও তিনি বলেন।

বদিউর রহমান বলেন, প্রেসিডেন্ট জিয়া সবসময় যোগ্যদের মূল্যায়ন করতেন এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতেন। তার আমলে মন্ত্রীদের যথাযথ প্রস্তুতি নিয়ে বৈঠকে আসতে হতো এবং ভুলের কোনো সুযোগ ছিল না। বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের জন্য প্রেসিডেন্ট জিয়ার এই শৃঙ্খলা আজও অনুসরণযোগ্য বলেও তিনি বলেন।