logo

ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত
নির্বাচন ভবন। ছবি: বিবিসি বাংলা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ অক্টোবর) ইসি থেকে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য বিস্তারিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। দাখিল করা আবেদন ইস্যু করার শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।