গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ওঠা সার্বিক অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ মন্ত্রণালয়ের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১ থেকে উপসচিব মো. আবু নাসের স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
এর আগে গত ৬ আগস্ট ‘ফুপুর ‘ফাঁপরে’ জালিয়াতিতে শাস্তিপ্রাপ্ত কর্মকর্তা গণপূর্তের প্রধান প্রকৌশলী’ শিরোনামে সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আবদুল মতিনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা অধিশাখা) দেবময় দেওয়ান। আইন শাখা-৩-এর উপসচিব আসাদুজ্জামান রিপনকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।



