সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মন্দির-মণ্ডপে হবে দুর্গাপূজা

এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দুর্গাপূজায় তিনদিন ছুটির ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।
মণ্ডপগুলোর সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে ১১ দফা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। নির্দেশনার মধ্যে রয়েছে- স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্র নেতৃত্বকে সম্পৃক্ত করা; সার্বক্ষণিক নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে দিনরাত পাহারা নিশ্চিত করা এবং স্বেচ্ছাসেবকদের তালিকা নিকটস্থ থানায় জমা দেওয়া।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়।
পঞ্জিকা অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর পূজা শেষে বুধবার বিজয়া দশমীতে শেষ হবে দুর্গোৎসবের মূল আয়োজন।
এদিকে শারদীয় দুর্গোৎসবকে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা ও বিশেষ পরামর্শ জারি করা হয়েছে। জরুরি সহায়তার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষসহ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
