logo

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত সরকারের

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত সরকারের

দীর্ঘদিনের সমালোচনা ও গ্রাহকদের ক্ষোভের মুখে অবশেষে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কেটে নেওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। দায়িত্ব গ্রহণের পর বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব সিদ্ধান্ত হিসেবে এই চার্জ পুরোপুরি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, বিদ্যুৎসেবা আরও জনবান্ধব করা এবং গ্রাহকের আর্থিক চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট অঙ্কের টাকা ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে কেটে নেওয়া হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন গ্রাহকরা।

অনেকেই অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে এই চার্জ আদায় করা হলেও মিটারের প্রকৃত মূল্য অনেক আগেই উঠে এসেছে। তারপরও কেন অতিরিক্ত অর্থ কাটা হচ্ছে—এ প্রশ্নে জনমনে ক্ষোভ তৈরি হয়।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত গ্রাহকদের ওপরই চাপানো হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই চাপ কমানো এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।