জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে প্রস্তুত করা প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্ল্যাটফর্মটির লক্ষ্য দেশের তরুণ উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সংযোগ তৈরি, প্রয়োজনীয় রিসোর্স নিশ্চিত করা এবং উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা স্টার্টআপ গড়ে তোলার অভিজ্ঞতা, উদ্যোক্তা হওয়ার পথে বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে নির্বাচিত ছয়টি স্টার্টআপের প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তিই হবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের মূল চালিকাশক্তি।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রযুক্তি ও ব্যবসায়িক খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





