logo

ঈদুল আজহায় আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে মাঠে বিজিবি

ঈদুল আজহায় আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে মাঠে বিজিবি
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ ও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ রাখতে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।

বৃহস্পতিবার (২১ মে) পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর নিউমার্কেট এলাকা, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এসব এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ, যাত্রী ভোগান্তি এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।

বিজিবি জানায়, ঈদকে কেন্দ্র করে মহাসড়ক ও টোল প্লাজাগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক এবং জনসমাগমপূর্ণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা প্রদান করবে বিজিবি। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেও তারা দায়িত্ব পালন করবে।

ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত এই বিশেষ দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। এ সময় সড়ক-মহাসড়কে যানজট নিরসন, সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণ এবং যাত্রীসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রাখা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বিজিবির এ কার্যক্রম ঈদযাত্রাকে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।