পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে বৈঠক: প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ উপলক্ষে আগামী সপ্তাহেই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হবে জানান তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সাক্ষাৎ হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।
বৈঠকে বাংলাদেশের পানি সরবরাহব্যবস্থায় ডেনমার্ক সহযোগিতা করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতেও দেশটি সহায়তা দেবে।
প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্ক সাড়ে চার হাজার কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি তিন হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।
তিনি বলেন, দীর্ঘ মেয়াদে পরিশোধের সুযোগ থাকায় এ অর্থ সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি করবে না। প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে।
ডেনমার্ক চট্টগ্রামে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গাদের ১০০ কোটি টাকা সহায়তা দেবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।



