logo

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকানন, পরবর্তী সময় যার নামকরণ করা হয় মুজিবনগর। এখানে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এই শপথের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ পরিচালনা ও রাষ্ট্র পরিচালনার সাংগঠনিক ভিত্তি স্থাপিত হয়।

শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। এ ছাড়া ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী, খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্র ও আইনমন্ত্রী এবং এএইচএম কামরুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় এম এ জি ওসমানীকে এবং চিফ অব স্টাফ নিযুক্ত করা হয় মেজর জেনারেল আবদুর রবকে।

সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ‘গার্ড অব অনার’ দেন ১২ জন আনসার সদস্য।

২৫ মার্চের গণহত্যার পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হলেও, ১৭ এপ্রিল ছিল এর আনুষ্ঠানিক শপথগ্রহণ ও কার্যক্রম শুরু হওয়ার দিন হিসেবে ইতিহাসে গুরুত্বপূর্ণ। ওই দিনই পাকিস্তানি বিমানবাহিনীর হামলার মুখে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

পরবর্তী সময় অস্থায়ী সরকার ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকেই মুক্তিযুদ্ধ পরিচালনা করে। ১৮ এপ্রিল মন্ত্রিসভার প্রথম বৈঠকে দফতর বণ্টন সম্পন্ন হয়।

মুজিবনগর সরকারের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।