চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চীনের রাজধানী বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি জাদুঘরটি পরিদর্শনে যান।
জাদুঘরে পৌঁছালে কিউরেটর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং তাকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। তারা জাদুঘরের ঐতিহাসিক প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি একটি ইমার্সিভ অডিও-ভিজ্যুয়াল কোস্টার শোও উপভোগ করেন। তথ্য বাসস
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসের উদ্দেশ্যে জাদুঘর ত্যাগ করেন। বিদায়ের সময় জাদুঘরের কিউরেটর তাকে শুভেচ্ছা জানান।
এর আগে, সকালে স্থানীয় সময় প্রায় ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের নিয়ে তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তিনি চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই স্থানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। এরপর তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬ সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার বিকেলে তিনি বেইজিং পৌঁছান।
বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারকে সই হয়।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।




