logo

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতার প্রশংসা সৌদি মন্ত্রীর

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতার প্রশংসা সৌদি মন্ত্রীর
সৌদি মন্ত্রীর সঙ্গে কায়কোবাদের বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের এ বছরের হজ ব্যবস্থাপনার দক্ষতার প্রশংসা করেছেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে তিনি এ প্রশংসা করেন।

শুক্রবার (১২ জুন) সকালে সৌদির রিয়াদে ‘দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টার’-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের ২০২৬ সালের হজের সার্বিক ব্যবস্থাপনায় সাফল্যের জন্য বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেন এবং ধর্মমন্ত্রীকে তার আন্তরিক নেতৃত্বের মাধ্যমে সেবা দেওয়ার জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জানান।

এছাড়া ড. তৌফিক আগামীতে সার্বিক হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করেন। তিনি ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার উন্নয়নে সৌদি সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

বৈঠকে ধর্মমন্ত্রী কায়কোবাদ সামগ্রিক হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এবারের হজ ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, মাশায়েরে হাজি সেবা প্রভৃতির মাধ্যমে হজ পালনের সহায়ক পরিবেশ তৈরির জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে ধন্যবাদ জানান।

আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সৌদি সরকারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন ধর্মমন্ত্রী।

বৈঠকে সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।