logo

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

পাকিস্তানকে ধন্যবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বাদ দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যমে এ ধন্যবাদ জানান তিনি।

‘পাকিস্তানকে ধন্যবাদ’ শিরোনামে ওই পোস্টে আইন উপদেষ্টা বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’

‘বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’

এদিকে ভারতের বিরুদ্ধে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের খেলার কথা ছিল। কিন্তু দেশটি ইতোমধ্যে এ ম্যাচ না খেলার কথা জানিয়ে দিয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ ব্যাপারে পাকিস্তানকে সতর্কতা দিয়েছে। তারা বলেছে, যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান না খেলে তাহলে তাদের পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে পড়তে হবে।