আটকা যাত্রীদের দেখতে বিমানবন্দরে মন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন অনেক যাত্রী। সেসব যাত্রীকে দেখতে বিমানবন্দরে গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মন্ত্রী টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের ভোগান্তির কথা শুনেন।
এ সময় আফরোজা খানম রিতা সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রয়োজন হলে যাত্রীদের হোটেল সুবিধা, খাবার ও আপডেট তথ্য দেওয়ার কথাও বলেন।
এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রয়েছে। এ অবস্থায় সরাসরি বিমানবন্দরে এসে ভোগান্তিতে না পড়তে যাত্রীদের হটলাইন নম্বর ১৩৬৩৬-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ বলছে, অনেক যাত্রী ফ্লাইট স্থগিতের খবর না জেনে বিমানবন্দরে চলে আসছেন, এতে অযথা ভিড় ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই যাত্রীদের সর্বশেষ তথ্য নিশ্চিত হয়ে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংস্থাটি দুঃখ প্রকাশ করে জানায়, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার; পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।