আগামী এক বছর ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ থাকবেন ড. ইউনূস

বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি আগামী এক বছর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তার আওতায় থাকবেন।
গত ১০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর আওতায় এই মর্যাদা দেওয়ার ফলে এখন থেকে পরবর্তী সময়েও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন।
দায়িত্ব ছাড়ার পর প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি বাংলাদেশে নতুন নয়। ২০০৬ সালে একটি গেজেটের মাধ্যমে তৎকালীন প্রধান উপদেষ্টাকে একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছিল।
২০০৬ সালের সেই প্রজ্ঞাপনে 'Special Security Force Ordinance, 1986'-এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশে অবস্থানকালীন সর্বোচ্চ তিন মাসের জন্য 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' হিসেবে ঘোষণা করার বিধান রাখা হয়েছিল। সে সময় মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২০০২ সালের একটি আগের প্রজ্ঞাপন বাতিল করার কথাও উল্লেখ ছিল।
সেই প্রজ্ঞাপনে নিরাপত্তা ও মর্যাদা তিন মাসের জন্য কার্যকর থাকলেও, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারির প্রকাশিত প্রজ্ঞাপনে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষেত্রে সময়সীমা এক বছর নির্ধারণ করা হয়েছে।