ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে ওআইসির বিভিন্ন দেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম সভাপতি পদে লড়াইয়ে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে। দেশগুলো বাংলাদেশের পক্ষে হয়ে প্রচারণাও চালাবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব সফর শেষে ঢাকায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন দেশগুলোর প্রতিনিধিরা। তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির আশা প্রকাশ করেছেন তারা।
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে। আমরা জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এই দাবির পক্ষে ছিলেন। এতে কোনো পরিবর্তন হবে না।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, যুদ্ধ কখনও কারও জন্য কল্যাণ বয়ে আনে না। বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বৈদেশিক সফরে কোন দেশে যাবেন তা চূড়ান্ত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।


