ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়।
কমিশন সূত্রে জানা গেছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
এর আগে, রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ায় বিধি-নিষেধ আরোপের কথা জানায় নির্বাচন কমিশন। এদিন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি চিঠি সারা দেশের রিটার্নিং অফিসারদের পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ, আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। এর বাইরে অন্য কারও মোবাইল ফোন বহনের অনুমতি থাকবে না।
তবে এই সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিলে নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মোবাইল বহনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে শিগগিরই স্পষ্ট নির্দেশনা দেওয়া হতে পারে।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।