পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক, বাংলাদেশের নীতির বদল হবে না: শামা ওবায়েদ

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তবে এ কারণে পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোবো।’
নিজস্ব পররাষ্ট্রনীতির আলোকে বাংলাদেশ সব দেশের সঙ্গে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে চায় বলে জানান শামা ওবায়েদ।
এর আগে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) সেই নির্বাচনের ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।
ফলাফলে বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।
