logo

৫ কোটি টাকা নিয়ে আমাকে ‘মিসকোট’ করা হয়েছে: ইসি সচিব

৫ কোটি টাকা নিয়ে আমাকে ‘মিসকোট’ করা হয়েছে: ইসি সচিব

‘৫০ লাখ নয়, প্রয়োজনে পাঁচ কোটি টাকা বহনেও সমস্যা নেই’— এমন বক্তব্য মিসকোট করা হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সচিব বলেন, আমাকে কোট করে বলা হচ্ছে যে আমি নাকি বলেছি, ৫ কোটি টাকা নিয়ে যাওয়া গেলেও কোনো অসুবিধা নেই। এই কথা বলার এখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই। আমি এটা বলিনি। আমাকে মিসকোট করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা অর্থ ইন্টারসেপ্ট (আটক) করেছেন, তারা এর উৎস, পরিমাণ এবং উদ্দেশ্য খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। এখানে আইনের ব্যাখ্যা তারাই দেবেন। আমি কোন অধিকারে টাকার ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেব? দয়া করে এই অপতথ্য সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।

এ ঘটনার পর নির্বাচনি আইনে টাকা বহনের বিষয়ে কী বলা আছে— এ নিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের বরাত দিয়ে একটি বক্তব্য প্রচার করে দেশের কয়েকটি গণমাধ্যম। যেখানে দাবি করা হয়, টাকার উৎস এবং ব্যবহারের খাত যদি বৈধ হয়, তবে ৫০ লাখ নয়, এমনকি পাঁচ কোটি টাকা বহন করলেও কোনো আইনি বাধা নেই।