হামের পর্যাপ্ত টিকা আছে, ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের টিকা নিয়ে কোনো ঘাটতি হবে না বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মাধ্যমে ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা পেয়েছি। আরও টিকা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের মাধ্যমে প্রায় ৪১৯ কোটি টাকার টিকা ক্রয়ের প্রক্রিয়া শেষের দিকে। এছাড়া ২০০ কোটি টাকার টিকা ইতোমধ্যে কেনা হয়েছে, যা কয়েক দিনের মধ্যেই দেশে পৌঁছাবে। গ্যাভির সহায়তায় প্রাপ্ত টিকার কারণে বর্তমানে দেশে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।
তিনি আরও জানান, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং দেশের সব শিশুকে টিকাদানের আওতায় আনার কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
টিকার ঘাটতির জন্য অতীতের সরকারগুলোকেই দায়ী করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগের দুই সরকারের অবহেলা, গুরুত্ব না দেওয়া এবং অনিয়ম-দুর্নীতির কারণে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছিল।
বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে টিকাদান কার্যক্রমে আর কোনো ধরনের বিঘ্ন ঘটবে না এবং হামের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করা হবে।