logo

জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন ও জ্বালানি সংকট থেকে সৃষ্ট চাপ মোকাবিলায় বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে এআইআইবির প্রতিনিধি দলের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বৈঠকে জ্বালানি সংকটের সমাধান, উন্নয়ন কার্যক্রম ও বিনিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সরকার কীভাবে এ ব্যাংকের সঙ্গে কাজ করবে, সে বিষয়েও কথা হয়েছে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে তাদের সহযোগিতা নিয়ে উভয়পক্ষ খোলামেলা আলোচনা করেছে।

অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ বান্ধব হওয়ার যে প্রক্রিয়া ও সমস্যা তা চিহ্নিত করে সমাধানের পথ নিয়েও মতামত দিয়েছেন ব্যবসায়ীরা। নতুন প্রকল্পের বাইরে সরকারি যেসব প্রকল্প বন্ধ হয়েছে, সেগুলো চালুর বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে তার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।