logo

‘তিন কোটিতে বিএনপির নমিনেশন’ বিষয়ে কয়ছর আহমেদের ফেসবুক পোস্ট

‘তিন কোটিতে বিএনপির নমিনেশন’ বিষয়ে কয়ছর আহমেদের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্র প্রবাসীকে নমিনেশন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সংবাদকে মিথ্যা দাবি করেছেন সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়ছর আহমেদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ‘তারেক রহমানের নামে কয়ছরের প্রতারণা, ৩ কোটিতে বিএনপির নমিনেশনের চুক্তি, ৬৫ লাখ অগ্রীম’ শিরোনামে অনুসন্ধানী সংবাদটি প্রকাশ করে এশিয়া পোস্ট। সেখানে কয়ছর আহমেদের টাকা নেওয়ার বিষয়ে সমস্ত তথ্য উল্লেখ রয়েছে।

ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ’ শিরোনামে তার নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট করেন কয়ছর।

পোস্টে তিনি লিখেছেন, এক বা একাধিক নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে মনগড়া আমার ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছে। সম্পূর্ণ ভিত্তিহীনভাবে অখ্যাত অনলাইনে টাকার বিনিময়ে মিথ্যা খবর প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চক্রান্ত অব্যাহত রেখেছে।

কয়ছর আহমেদ লিখেছেন, আমি এমন অপসংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার করা হচ্ছে তা অসত্য, ভিত্তিহীন। এসব কিছুতে আমি ও আমার দলের কোনো সম্পৃক্ততা নেই। দুইজন ব্যক্তির আলাপচারিতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়িয়ে প্রচার করে ফায়দা নিতে চায় একটি অসৎ চক্র।

তিনি আরও লেখেন, সংবাদের তথ্য ও উপস্থাপনের ধরন দেখে যে কেউ বুঝতে পারবে এটি একটি বড় ধরনের ষড়যন্ত্র। আমার ভোটার ও সমর্থকদের বিভ্রান্ত করতে সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে। ধানের শীষের জোয়ার দেখে পরাজয়ের ভয়ে কতিপয় সংঘবদ্ধ চক্র আমার বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত মানহানি করছেন। আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের ভোটারদের এ ক্ষেত্রে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি। মিথ্যা সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্ট অনলাইন পোর্টালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের জন্য মানহানির মামলা করব।

সবশেষ কয়ছর আহমেদ লিখেছেন, নাগরিকবৃন্দ, রাজনীতি হচ্ছে আদর্শিক ভাষা। এখানে প্রতিযোগিতা থাকবে, তাই বলে পরাজয়ের ভয়ে প্রতিহিংসা করে কুৎসা রটনা সমুচিত নয়। শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটারদের আহ্বান করব কোনো গুজব বা মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে প্রতিবাদ করুন। আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয়ের মাধ্যমে সকল অসত্যের জবাব দেব ইনশাআল্লাহ।