সালমান শাহর ভাই শাহরানকে হত্যার হুমকি, অভিযোগ বাদীর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মামুন নামের এক সালমান-ভক্তের একটি লাইভ ভিডিওতে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে এই হুমকি দেওয়া হয়।
বুধবার (১২ আগস্ট) আদালতে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মামলার বাদী সালমান শাহর মামা আলমগীর কুমকুম।
এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি হয়েছে। ওই শুনানিতে আসেন আলমগীর কুমকুম।
শুনানি শেষে সাংবাদিকদের একটি স্ক্রিনশট দেখান আলমগীর কুমকুম। হুমকিদাতা ‘শাকিল কিবরিয়া’ বার্তায় লেখা আছে, ‘মামুন, নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে (সালমান শাহর ভাই) হত্যা করবো।’
আলমগীর কুমকুম বলেন, ‘এই হুমকির ঘটনায় রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবো। কারণ, সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানায় দায়ের করা হয়েছে।’

এ সময় সালমান-ভক্ত মামুনও আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমি সকল সালমান-ভক্তকে এক করে মানববন্ধন করার জন্য একটি লাইভ করতে করতে বাসায় যাচ্ছিলাম। এ সময় কমেন্টে এমন হুমকি আসে। এটির স্ক্রিনশট নেওয়ার পর ডিলিট করে দেয়।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলব, আমরা সালমান-ভক্তরা ৩৯ বছর ধরে বলছি যে তাকে হত্যা করা হয়েছিল। আজ তো তার প্রমাণ হয়েছে এই হুমকির মাধ্যমে। আমরা বলব ডনকে গ্রেপ্তারের পর কেন এমন হুমকি আসছে? আপনারা আরও যারা জড়িত, সবাইকে ধরুন।’
এদিকে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি খলনায়ক আশরাফুল হক ডনের পক্ষে আইনজীবীদের করা জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
বুধবার দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন এ আবেদন করেন। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম জামিন নাকচের আদেশ দেন।
জামিন আবেদনে বলা হয়, আসামি ডনের বিরুদ্ধে এজাহার এবং গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। এ জন্য তার জামিন পাওয়া একান্ত আবশ্যক।
পরে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ অগাস্টের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পর সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। আজ সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় সালমান শাহ মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
.png)


