বাগেরহাটে ৯৯৯-এ ফোনকলে উদ্ধার চোরাই মোটরসাইকেল, গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
বাগেরহাটে ৯৯৯-এ ফোনকলে উদ্ধার চোরাই মোটরসাইকেল, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ আসা একটি ফোনকলের মাধ্যমে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) সকালে উপজেলার শ্যামবাগাত এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার ও জড়িত থাকার অভিযোগে হেলাল শেখ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হেলাল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার গৌরুবা গ্রামের মৃত মোছলেম শেখের ছেলে। তিনি বর্তমানে শ্যামবাগাত এলাকায় বসবাস করতেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, রোববার সকালে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, তাদের গ্রামের আজিম শেখের বাড়িতে জনৈক ব্যক্তি একটি চোরাই মোটরসাইকেল রেখে গেছেন। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯-এর কল টেকার কনস্টেবল জাকির হোসেন বিষয়টি ফকিরহাট থানায় অবহিত করেন। পুরো বিষয়টি ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই উদয় কুমার ঘোষ তদারকি করেন।

খবর পাওয়ার পর ফকিরহাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে এবং অভিযুক্ত হেলাল শেখকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ফকিরহাট থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।