ফ্যামিলি কার্ড পাবেন না ৬ শ্রেণির মানুষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। আগামী ১০ মার্চ থেকে দেশব্যাপী পরীক্ষামূলকভাবে চালু হবে ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রথম ধাপে রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ১৩টি উপজেলার একটি করে ইউনিয়নে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নির্বাচনি সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে এই কার্ডের সুবিধা সব নাগরিকের জন্য উন্মুক্ত নয়। সমাজের নিম্ন, মধ্যম ও উচ্চ আয়ের মধ্যে ছয় শ্রেণির মানুষকে সুবিধার বাইরে রেখে সরকারের ‘ফ্যামিলি কার্ড নীতিমালা’ চূড়ান্ত করা হয়েছে। এই নীতিমালার আওতায় সুনির্দিষ্ট ছয় শ্রেণির মানুষকে ফ্যামিলি কার্ডের সুবিধার বাইরে রাখা হয়েছে।
তালিকার বাইরে যারা
সরকারের নতুন নীতিমালা অনুযায়ী—১. পরিবারে কোনো সদস্য সরকারি পেনশনভোগী হলে এই কার্ড পাবেন না; ২. সচ্ছলতার প্রমাণ হিসেবে বাড়িতে এসি বা এয়ার কন্ডিশনার ব্যবহারকারী পাবেন না; ৩. গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিকরা তালিকায় থাকবেন না; ৪. পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে ফ্যামিলি কার্ড পাবেন না; ৫. পরিবারের কারও নামে বাণিজ্যিক লাইসেন্স বা ট্রেড লাইসেন্স থাকলে পাবেন না; ৬. যাদের বড় ব্যবসা বা বড় আয়ের উৎস রয়েছে, তারাও এই সুবিধা পাবেন না।
সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রণীত ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’-এর মূল দর্শন হচ্ছে—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। সরকার মনে করছে, একটি পরিবারকে কার্ডের আওতায় আনলে সেই পরিবারের সব সদস্যের জীবনযাত্রার মান উন্নত হবে। শিগগিরই এই নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে এবং ১০ মার্চ প্রধানমন্ত্রী নিজেই এই পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন।