বড় দল ছোট দল বলে কিছু নেই, কমিশনের কাছে সবাই সমান : ইসি আনোয়ারুল

বড় দল ছোট দল বলতে কিছু নেই, নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট সমস্যার সমাধান করে যাচ্ছে কমিশন। এখনো বড় সমস্যার সম্মুখীন হয়নি ইসি। তবে রাজনৈতিক দলের বক্তব্য আমরা খতিয়ে দেখছি, ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন।
একটি কমিশন একবারই জাতীয় নির্বাচন করার সুযোগ পায় উল্লেখ করে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, দুইবার কোনো কমিশনই সুযোগ পায় না। কোনো কমিশন আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না। তবে এই কমিশন একদমই চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তাই চায়।